মাধবপুর প্রতিনিধি | ১৪ জুন, ২০২৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (হাবিলদার) আব্দুল গফুরের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলার বহরা-আফজলপুর গ্রামের বাড়ির পাশে মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় মাধবপুর থানার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এস আই) মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের জানাজার নামাজে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, সাবেক চৌমুহনী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর (৮২) গত সোমবার ১২ জুন বিকাল ৪টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার পুত্র-সন্তান নাতি-নাতনী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরে আফজলপুর গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।