Sylhet Today 24 PRINT

উত্তরপত্র মূল্যায়নে দেরি করলে ‘বিলম্ব ফি’ দিতে হবে শাবিপ্রবি শিক্ষকদের

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৫ জুন, ২০২৩

যথা সময়ে ফল প্রকাশের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।

নতুন নির্দেশনায় শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর যথাসময়ে উত্তরপত্র মূল্যায়ন করে জমা দিতে বলা হয়েছে।

তবে উত্তরপত্র মুল্যায়ন ও জমা দিতে দেরি করলে ‘বিলম্ব ফি’ দিতে হবে শিক্ষকদের। এতে দিন প্রতি ২০ টাকা করে জরিমানা গুনতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবীর হোসেন। একাডেমিক কাউন্সিলের ১৭২তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক কবীর হোসেন বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল তরান্বিত করতে শিক্ষকরা যাতে যথাসময়ে খাতা মুল্যায়ন করে জমা দেয় তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাউকে শাস্তি প্রদানের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, গুটি কয়েক শিক্ষক খাতা জমা দিতে বিলম্ব করায় সংশ্লিষ্ট বিভাগ ফল প্রকাশ করতে পারে না। শিক্ষার্থীরাও যথাসময়ে ফল পায় না। তাই এখন থেকে যারা এমন কাজ করবে তাদের নাম একাডেমিক কাউন্সিলে উঠে আসবে। আমি মনে করি, এ সিদ্ধান্তের পর শিক্ষকরা যথাসময়ে খাতা জমা দিবেন। পরিশেষে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে দুই ধাপে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ২৮ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তবে পরীক্ষা শেষ হওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ করতে পারেনি অধিকাংশ বিভাগ। এতে বিভিন্ন সংবাদমাধ্যমে ফল প্রকাশে বিলম্ব ও উত্তরপত্র মূল্যায়নে ধীরগতির কারণগুলো উঠে আসে। এরপর যথাসময়ে ফল প্রকাশ করতে একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.