Sylhet Today 24 PRINT

মাধবপুরে জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীকে ‘হত্যার’ হুমকি

মাধবপুর প্রতিনিধি |  ১৫ জুন, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এঘটনায় নিহতদের ছেলে বায়েজিদ মিয়া লিটন বুধবার রাতে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, মামলার আসামি রসুলপুর গ্রামের কুতুব মিয়া (২৯) জসীম উদ্দিন (২৮) ও জামাল মিয়া (২৫) উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে মামলার বাদীকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। এছাড়া আসামিরা নিহতের পরিবারের লোকদের রাস্তা ঘাটে দেখলে অশ্লীল ভাষায় গালাগাল করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কথাবার্তা বলে। মামলা প্রত্যাহার না করায় গত বুধবার বিকেলে সুরমা চাবাগানে বাদিকে একা পেয়ে হুমকি দেয় পিতার মত থাকেও খুন করা হবে। এছাড়া মামলার আসামিরা স্বাক্ষীদেরও হুমকি দিচ্ছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ঈদের দিন রসুলপুর মুয়াজ্জিন ইরফান আলী উচ্চ স্বরে সাউন্ডবক্স না বাজাতে নিষেধ করায় ওই গ্রামের একদল উঙ্খৃল লোক মুয়াজ্জিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এঘটনায় ওই দিন রাতে নিহতের ছেলে বায়েজিদ মিয়া লিটন ২৮জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান।

তিনি বলেন, ‘সাধারণ ডায়েরি তদন্ত করে আইনগত ব্যবস্থার পাশাপাশি বাদীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.