শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৫ জুন, ২০২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) আলোয় আলো প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রানেশ গোয়ালা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোরমা দেবী, ভাড়াউড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মো. নুর মিয়া, ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী মো. রুবাইয়াৎ ফেরদৌস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, বাংলা খাতা, গণিত খাতা, ইংরেজি খাতা, ইরেজার, শার্পনার, রং পেন্সিল, ড্রয়িং খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।
উপস্থিত অভিভাবকরা জানান, দরিদ্রতার কারণে অনেক সময় শিশুদেরকে খাতা কলমসহ শিক্ষা উপকরণ কিনে দেওয়া সম্ভব হয় না। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা পড়াশোনায় আরও বেশি উৎসাহি ও মনোযোগী হচ্ছে।
প্রকল্প সমন্বয়কারী মো. রুবাইয়াৎ ফেরদৌস বলেন, চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং এডুকোর সহযোগিতায় আলোয় আলো প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ৪ টি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা’র আয়োজনে প্রতি বছরের মত এবারও ৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৭০৯২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে।