Sylhet Today 24 PRINT

সাংবাদিক নাদিম হত্যা: মুখে কালোকাপড় বেঁধে ইমজার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৩

জামালপুর জেলার বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

শনিবার (১৭ জুন) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে এই হত্যার প্রতিবাদ জানায় সংগঠনটির সদস্যরা।

ইমজার নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা যেহেতু রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সকল অন্যায়কারী, অত্যাচারী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ করে থাকেন, সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এর অন্যতম উদাহরণ সাংবাদিক নাদিমের হত্যাকাণ্ড। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা।

এ সময় নাদিম হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত সকলকেই তদন্ত সাপেক্ষে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান ইমজার নেতৃবৃন্দ।

এছাড়া সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, এটিএন বাংলার প্রতিনিধি শাহ মুজিবর রহমান এনটিভির প্রতিনিধি মারুফ আহমেদ, বাংলাভিশনের প্রতিবেদক দিপু সিদ্দিকী, গাজী টিভির প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, চ্যানেল আই নিজস্ব প্রতিবেদক সাদিকুর রহমান, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবিরসহ ইমজার সকল সদস্য। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.