Sylhet Today 24 PRINT

সিলেটের চার জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৩

ফাইল ছবি

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার শঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (১৭ জুন) সুরমা, কুশিয়ারা, মনু, সোমেশ্বরী ও খোয়াই নদীর পানি সমতলে বাড়ছে বলেও জানায় সংস্থাটি।

জানা গেছে, টানা বৃষ্টিতে সিলেট নগরী ও শহরতলিতেও ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিবন্দি হয়েছে বেশ কিছু সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতার ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়ে নগরীর আখালিয়া বড় বাড়ি, খলাপাড়া, চান্দিয়ালা, রাংগাউঠি, উপশহর ও দক্ষিণ সুরমার বেশ কিছু এলাকা। আগামী কয়েক দিনে সিলেট ১৪শ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারাতে বেড়েছে পানির উচ্চতা। দুই নদীর পানিই বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নামতে পারে পাহাড়ি ঢল।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সিলেটে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পূর্বাভাস রয়েছে সামনে সিলেটজুড়ে অতিবৃষ্টি হবে। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, বন্যা হলে এর ক্ষয়ক্ষতি বিবেচনায় আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাই। এই লক্ষ্যে বৃহস্পতিবার জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.