Sylhet Today 24 PRINT

সহিংসতার শংকায় দুই কলেজের ছাত্রাবাস বন্ধের দাবি জাতীয় পার্টির প্রার্থীর

সিলেট সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৩

সিলেট সিটি নির্বাচনে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সংহিসতার শংকার সিলেট সরকারি কলেজ ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাস বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

এই দাবিতে শনিবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন বাবুল।

তার অভিযোগ- সিলেটের এমসি ও সরকারি কলেজের ছাত্রাবাসে প্রতিপক্ষ প্রার্থী সন্ত্রাসী বাহিনী জড়ো করছেন সহিংসতা ঘটানোর জন্য।

লিখিত আবেদনে বাবুল উল্লেখ করেন- ‘বিশ্বস্থ সূত্র মারফত জানতে পারলাম- ২১ জুন (বুধবার) অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোট প্রদানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার জন্য আমার প্রতিপক্ষ প্রার্থী কিছু ভাড়াটিয়া গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সিলেট এম.সি কলেজ ও সরকারি কলেজের ছাত্রাবাসে জড়ো করছেন। আমার আশঙ্কা- নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার জন্য প্রতিপক্ষ এ ধরণের সন্ত্রাসী বাহিনী নিয়ে আসছেন। এমতাবস্থায় নির্বাচনের স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে উল্লেখিত এই দুই ছাত্রাবাস ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ রাখা প্রয়োজন।’

অভিযোগের বিষয়ে জানতে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়ছল কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

আঞ্চলিক কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ আমরা পেয়েছি। এব্যাপারে খোজখবর নেয়া হচ্ছে।

এদিকে, এই অভিযোগের অনুলিপি বাবুল সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরেও দাখিল করেছেন।

 এ বিষয়ে এসএমপি কমিশনার  মো. ইলিয়াস শরীফ বলেন- অভিযোগটি এখনো আমি পাইনি। যদি পাই তবে অবশ্যই তদন্তসাপেক্ষে বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.