Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুন, ২০২৩

সারাদেশের মতো সিলেটেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে সিলেট নগরে দিনব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সকালে নগরের বিনোদিনী নগর মাতৃসদনে সিলেট সিটি করপোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র। নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের আহবান জানান তিনি।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের ৪২ ওয়ার্ডে ৩৪৮টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সাথে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

কর্মসূচির আওতায় নিয়মিত, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে সিসিক। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হবে।

সিসিকের ৪২ ওয়ার্ডে ১টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন সেচ্ছাসেবী ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.