Sylhet Today 24 PRINT

৪ দিনের টানা বর্ষণে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০২৩

৪ দিনের ভারি বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। বৃহস্পতিবার রাত থেকে হবিগঞ্জে থেকে থেমে টানা বর্ষণ হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকার রাস্তায় কাদা জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন পৌরবাসী।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখো যায়- শায়েস্তানগর, ইনাতাবাদ, চৌধুরী বাজার, সার্কিট হাউস রোড, নোয়াহাটি, পুলিশ সুপারের বাস ভবন, বগলবাজার, উত্তর শ্যামলী, নোয়াবাদ, মোহনপুর, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। ফলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান অনেকে।

পৌরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বছরের পর বছর পৌরবাসী জলাবদ্ধতার সাথে যুদ্ধ করে আসলেও সমস্যা সমাধানে উদাসীন পৌর কর্তৃপক্ষ।

শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী মো. তোফায়েল মিয়া বলেন- ‘শায়েস্তানগর এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে আমরা ব্যবসায়ীসহ এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। অথচ পৌর কর্তৃপক্ষ এই দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’

জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ইমন আহমেদ বলেন, ‘শহরের ড্রেনগুলো পরিষ্কার করা হয়না। এছাড়া পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। যে কারণে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় শহরে।’

এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আমরা শহরের ড্রেনগুলো সংস্কারের কাজ করছি। শহরের মানুষ বাসাবাড়ির সব ময়লা ড্রেনে ফেলার কারণেই সবগুলো ড্রেন ময়লায় খেটে গেছে। এছাড়া প্রধান সড়কের নির্মাণাধীন ড্রেনের কাজ স্থবির থাকায় পানি নিষ্কাশনের ব্যাঘাত ঘটছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.