জৈন্তাপুর প্রতিনিধি | ১৮ জুন, ২০২৩
জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১টি কাভার্ডভ্যান গাড়িসহ ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে চিনি জব্দ ও ২ জনকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, অভিযানকালে নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ (ফেরিঘাট) এলাকার সিলেট তামাবিল জাফলং মহাসড়কে ধাওয়া করে ১টি কাভার্ডভ্যান গাড়ি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং গাড়ির চালকসহ ২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার বাবগঞ্জ থানার কেদারপুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদারের ছেলে ফারুক হোসেন (৩২), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বীরঘোষ পাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৫)।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারক মড়ল বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’