Sylhet Today 24 PRINT

সিলেটে অতি ভারি বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২৩

দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে সিলেট বিভাগসহ দেশের চার বিভাগে হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ।

রাষ্ট্রীয় সংস্থাটি সোমবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন বার্তা দিয়েছে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দিনভর আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে তাপপ্রবাহ বা দাবদাহ নিয়ে কোনো বার্তা দেয়া হয়নি। অর্থাৎ পূর্বাভাস অনুযায়ী দেশের কোথাও নেই দাবদাহ।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.