Sylhet Today 24 PRINT

নগরবাসী উৎসবের আমেজে ভোট দিচ্ছেন: আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুন, ২০২৩

নগরবাসী উৎসবের আমেজে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীম মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার (২১ জুন) সকাল সোয়া ৮টায় নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে  তিনি তার ভোট প্রদান শেষে এমন কথা বলে। ভোট প্রদানকালে স্ত্রী চৌধুরী হ‌লি চৌধুরী‌ আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন।

ভোট প্রদান শেষে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন,  নগরবাসী উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। ইভিএমে সহ‌জেই তারা ভোট দিতে পারছেন।

এই মেয়র প্রার্থী বলেন, ফলাফল যাই হোক আমি মে‌নে নেবো। তবে আমি আশাবাদী নগরবাসী আমা‌কে ভোট দি‌য়ে নির্বাচিত করবেন। আমি সিলেটবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। সিলেটের মানুষের দাবিদাওয়া ও আকাঙ্ক্ষা পূরণে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।

এ সময় বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষ‌য়ে তিনি বলেন, এটা প্রার্থীর সমস্যা। ওরা য‌দি এজেন্ট না দি‌তে পা‌রে, ওদের য‌দি লোক না থা‌কে আমা‌দের তো কিছু করার নেই। আমরা তো কাউকে বাধা দেইনি। আপনারাই বলেন কোথায় বাধা দেওয়া হচ্ছে?

এদিকে প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় সেই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন আনোয়ারুজ্জামান। কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছিল পাঁচটি দল। তাদের মধ্যে ইসলামী আন্দোলন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বর্তমানে তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন সাতজন মেয়রপ্রার্থী। নির্বাচনের শুরু থেকেই বিএনপিসহ তাদের মিত্ররা ভোট বর্জন করেছেন।

এদিকে মেয়র পদে সাতজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী মো. নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সিলেট সিটিতে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সিলেট সিটিতে ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.