শাবিপ্রবি প্রতিনিধি | ২১ জুন, ২০২৩
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে এ ভোট গ্রহণ শুরু হয়। এতে সিটির অন্তর্ভুক্ত ৩৭ নং ওয়ার্ডের ভোটাররা ভোট প্রয়োগ করছেন।
বুধবার (২১ জুন) সকাল ৮ টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শাহ মোহাম্মদ দাস্তগির আজম।
এ বিষয়ে মোহাম্মদ দাস্তগির আজম বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করছেন। কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা কাজ করছে। আশা করছি সকলের সহযোগিতায় সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডে মোট ১৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা রয়েছে ৭ হাজার ৭শ’ ৫৯জন। এর মধ্যে শাবিপ্রবি কেন্দ্রে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ধামালীপাড়া এবং যোগীপাড়ার ২ হাজার ৪শ' ১৮ জন ভোটার রয়েছেন, তন্মধ্যে ১ হাজার ১শ' ৩৩ জন ভোটার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।