Sylhet Today 24 PRINT

এখনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি: ইসি

সিলেট সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুন, ২০২৩

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টায় ভোট শুরুর প্রথম তিন-চার ঘণ্টায় সিলেট সিটিতে ভোটে কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাওয়া যায়নি। মাঠের আইনশৃঙ্খলার বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বেশ ভালো। সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে; দু-একটা কেন্দ্রে কম (উপস্থিতি)। আর সব জায়গায় ভালো।’

ইভিএমে জটিলতার কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে ইসি বলেন, ‘শুধু রাজশাহীর একটা জায়গায় একটু দেরিতে শুরু হয়েছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসে নাই। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করব।’

সিলেট সিটিতে বুধবার সকাল ৮টায় একযোগে ১৯০টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৭টি ভোটকক্ষে ভোটের লড়াই শুরু হয়েছে; যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিন ৪ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২৩৬ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.