কমলগঞ্জ প্রতিনিধি | ২১ জুন, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১ হাজার ১৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পতনউষার এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজির ২৩ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈমসহ ডিবি ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের বিপরীত পাশে হিরণ মিয়ার মালিকানাধীন ভাড়া দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ভারতীয় একটি কোম্পানির নামীয় ১৫ বস্তা চিনি এবং বাংলাদেশী তীর ও সিটি সুপার ইন্ডাস্ট্রিজ লি. এর মোড়ক সংযুক্ত ৮ বস্তা চিনি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে ভারতীয় চিনি আমদানিকারক দুজন ব্যক্তি পালিয়ে যায়।
জানা যায়, চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে ভারত থেকে চোরাই পথে কম দামে ভারতীয় চিনি আনে। পরবর্তীতে এই চিনি ভারতীয় বস্তা থেকে বাংলাদেশ কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে বাংলাদেশী চিনি হিসেবে বিক্রি করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে পলাতক দুইজনসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।