Sylhet Today 24 PRINT

দলদলি চা বাগান থেকে দুটি অজগর উদ্ধার

সিলেট শহরতলীর দলদলি চা বাগান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। এদের মধ্যে একটি ১৩ ফুট ও অপরটি ১০ ফুট দীর্ঘ লম্বা।

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট শহরতলীর দলদলি চা বাগান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। এদের মধ্যে একটি ১৩ ফুট ও অপরটি ১০ ফুট দীর্ঘ লম্বা। রবিবার রাতে চা বাগান থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাগান সূত্রে জানা গেছে, রাতে বাগানের শ্রমিক সজল দাস ঘাস কাটতে গেলে প্রথম সাপ দেখতে যান। এসময় তার চিৎকারে সুবেন দাস, মনা দাশসহ অন্যরা ঘটনাস্থলে এসে ১৩ ফুট দীর্ঘ একটি অজগর সাপ আটক করে। এরপর একই স্থান থেকে ১০ ফুট দীর্ঘ আরেকটি সাপ আটক করা হয়। খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সিলেট বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করেন। এরপর সিকৃবির ভেটেরিনারি ক্লিনিকে মেডিসিন বিভাগের প্রভাষক ডা. মতিউর রহমানেরর তত্ত্বাবধানে সাপ দুটির চিকিৎসা করা হয়। সাপ দুটি কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও এখন আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

উদ্ধারকৃত সাপ দুটি আরও দু'দিন পর্যবেক্ষণে রেখে সিকৃবির পাশের ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে সিলেট ইকোপার্কের বনবিট কর্মকর্তা চয়নব্রত চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, 'দুটো অজগরই পরিণত বয়সের। মৌসুম পরিবর্তন হওয়ার কারণে হয়তো চা বাগানের ঘন বন ছেড়ে লোকালয়ে এসেছিল ওই সাপগুলো।'

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.