Sylhet Today 24 PRINT

রাস্তা সংস্কার নিয়ে ছাতকে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৬০

ছাতক প্রতিনিধি |  ২৫ জুন, ২০২৩

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে সরকারি রাস্তা সংস্কার করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৬০ জন লোক আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রাম ও ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালারুকা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও পর্যন্ত একটি সংযোগ সড়ক রয়েছে। অতিবৃষ্টি ও বন্যার কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। সম্প্রতি কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসী চলাচলের জন্য তাদের নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

রোববার কাজিহাটা-নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া ও সাদক আলী সড়কের সংস্কার কাজ শুরু করলে কালারুকা গ্রামের সুহেল মিয়াসহ লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে দু’গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের ৬০ জন লোক আহত হয়েছেন। পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

সংঘর্ষে গুরুতর আহত ফারুক মিয়া, সাদিক মিয়া, মনোয়ার হোসেন, অদুদ মিয়া, খছরু মিয়া, কবির মিয়া, ইজ্জাদ আলী, অখিল দাস, সাহেদ মিয়াসহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের ৪৫ জন ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.