Sylhet Today 24 PRINT

নিখোঁজ মধ্যনগরে, ৮ দিন পর লাশ মিলল ভারতে

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২৩

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের আট দিন পর বাংলাদেশ সীমানা থেকে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার একটি জঙ্গল থেকে ওই তরুণের মরদেহের সন্ধান পায় তার পরিবার।

তার নাম আলমগীর হোসেন (১৯)। আলমগীর উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

মৃত তরুণের ফুপাতো ভাই আমিরুল ইসলাম বলেন, ‘আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। গত সোমবার রাতে নিখোঁজের বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে রংঢংগা ওই এলাকায় থাকা স্বজনেরা জঙ্গলে আলমগীরের মরদেহের দেখেন। তারা আলমগীরের পরিবারে মরদেহটির ছবি পাঠালে শনাক্ত করে।’

জিডি সূত্রে জানা গেছে, ছোট থেকেই আলমগীর তার মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজে হাল ধরেছিলেন। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিক থেকে নিখোঁজ হন আলমগীর।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘নিহতের পারিবারিক সূত্রে আমাদের জানানো হয়েছে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.