Sylhet Today 24 PRINT

খাদিমে দুর্বৃত্তদের হাতে বনফুলের দুই কর্মী খুন, আহত ১

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৬

নগরীর উপকণ্ঠের খাদিমে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় খাদিমস্থ বিসিক শিল্প নগরী এলাকায় বনফুলের কারখানার সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতে নিহত রাজু (১৯) ও মো. টাকু (২০) এর মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। রাজু চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার হারুনুর রশীদের ছেলে। আর মো. টাকুর বাড়ি শরিয়তপুরে।

হামলায় গুরুতর আহত রাসেল দক্ষিণ সুরমার বলদি এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বনফুলের কর্মচারী হারুন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধা ৭টার দিকে আমরা চিৎকার শুনে কারখানার সামনে এসে দেখি রাজু ও টাকুর মরদেহ পড়ে আছে। আর রাসেলের শরীর থেকে রক্ত বেরোচ্ছে।

তিনি জানান, হামলাকারীরা সংখ্যায় ছিলো প্রায় ১০ জন। তারা মাইক্রোবাসে করে এসেছিলো।

কী কারণে ও কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি হারুণ। তবে তিনি জানান, শুনেছি হামলাকারীরা রাসেলকে মারতে এসেছিলো। রাসেলকে বাঁচাতে রাজু ও টাকু এগিয়ে যায়। এসময় হামলাকারীরা এই দু'জনকে ছুরিকাঘাত করে।

বনফুল কারখানার সহকারী ব্যবস্থাপক মাসুদুল ইসলাম জানান, তাদের কারখানার শ্রমিক রাসেল আহমদের সাথে বাইরের ক’জন দুবৃত্তের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুবৃত্তরা রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। এসময় রাজু ও  টাকু এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। তবে ঘটনার সুত্রপাত ও কারা জড়িত এ বিষয়ে কিছু জানাতে পারেননি।

চিকিত্সক ডা. উজ্জ্বল দত্ত জানান ধারলো অস্ত্রের আঘাতের কারনেই তাদের মৃত্যু হয়েছে।


শাহ্পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.