Sylhet Today 24 PRINT

হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া সেই মুখলেছের মুঠোফোন জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ জুন, ২০২৩

ফাইল ছবি

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে নিজের গাড়ি উপহার দিয়ে আলোচনায় আসেন হবিগঞ্জের চুনারুঘাটের এম মুখলিছুর রহমান।

এবার সাইবার ট্রাইব্যুনালের মামলার কারণে এম মুখলিছুর রহমানের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ তার মোবাইল ফোনটি জব্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট সাইবার ট্রাইব্যুনালে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আলামত হিসেবে মোবাইলটি জব্দ করা হয় এবং তা সিআইডিতে পাঠানো হবে বলে জানান ওসি।

উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা মুখলিছুর স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব আছেন।

হিরো আলম বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে নিজের নোহা গাড়িটি উপহারের ঘোষণা দেন মুখলেছুর রহমান। পরে ঘোষণা অনুযায়ী তিনি গাড়িটি উপহার দিয়ে নিজেকে আলোচনায় আনেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.