Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০২৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা বাজারে দোকান নির্মাণের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আহতরা শাল্লা, আজমিরিগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ নয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাতপাড়া বাজারে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাল্লার সাতপাড়া বাজারে একটি দোকান নির্মাণের জমি দখল নিয়ে কার্তিকপুরের মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। মঙ্গলবার সকালে জমি দখল করতে যান ইউসুফ মিয়ার লোকজন। তারা সেখানে দোকান নির্মাণ শুরু করলে মুজিবুর রহমানের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান (৫২) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আজমিরিগঞ্জ হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হেলাল মিয়া (৩২) বিকেলে মারা যান।

দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টা ব্যাপি এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ নয় রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। এ সময় পুলিশের এসআই আলিম উদ্দিন আহত হন।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘দোকানের জন্য জমি দখল নিয়ে দুপক্ষে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.