Sylhet Today 24 PRINT

বড়লেখায় অপরাধ নিয়ন্ত্রণে বসছে ৬৪ উন্নত প্রযুক্তির ক্যামেরা

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জুন, ২০২৩

অপরাধ নিয়ন্ত্রণে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে স্থাপন করা হচ্ছে উন্নত প্রযুক্তির ৬৪টি ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা।

ইতিমধ্যে পৌর শহরের সড়কের বিভিন্ন জায়গায় ১০টি ক্যামেরা বসানো হয়েছে এবং অন্যগুলো বসানোর কাজ চলছে।

২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজটি বাস্তবায়ন করছে। এতে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা।

ক্যামেরা স্থাপন কাজে কারিগরি সহায়তা করছেন সিসি ক্যামেরা এন্ড ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এম কে টেকনোলজি।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এই কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মঈন উদ্দিন প্রমুখ।

বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বলেন, ‘বড়লেখা বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল সিসিটিভি ক্যামেরা স্থাপন। তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তার (মন্ত্রীর) উদ্যোগে শহরে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে ৬৪টি উন্নত প্রযুক্তির ক্যামেরা স্থাপনের কাজ চলছে।’

বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ‘বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করা। এরই অংশ হিসেবে জুড়ী-বড়লেখার গণমানুষের নেতা পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বড়লেখা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেন। তার এই উদ্যোগে স্মাট নগর গড়ার লক্ষে বড়লেখাবাসী একধাপ এগিয়ে গেল।’  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.