Sylhet Today 24 PRINT

অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়ে সজাগ থাকার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুন, ২০২৩

অন্যের প্ররোচনায় কেউ যেন বিপথগামী না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে সিলেটে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নাগরিকের, সে যে দলেরই হোক। সুতরাং কোনো নাগরিক যাতে অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের অবস্থা, আমাদের এই উন্নয়নটা ব্যাহত হতে পারে।’

‘সে জন্য ঈদের দিনের সবাইকে আহ্বান করব, আপনারা কান-চোখ খোলা রাখবেন। আপনারা অত্যন্ত সজ্ঞান, বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে। আমি তাদের প্রতি বিশ্বাস রাখি। আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের দেশের জনগণের ওপর,’ বলেন এ কে আব্দুল মোমেন।

মোমেন আরও বলেন, ‘কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনো বিপথগামী হবে না।’

এর আগে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ সাধারণ মুসল্লিরা সিলেটের ঈদ জামাতে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.