Sylhet Today 24 PRINT

শেওলা সীমান্ত দিয়ে মোটরসাইকেলে যুবকের ভারতে প্রবেশ, ওপারে তোলপাড়

সিলেটটুডে ডেস্ক  |  ০২ জুলাই, ২০২৩

অবৈধভাবে মোটরসাইকেল নিয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা-সুতারকান্দি স্থলবন্দরের প্রবেশ ব্যারিকেড অতিক্রম করে এক যুবক ভারতে ঢুকে গেছে।

এ নিয়ে ওপারে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে দুই দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে।

তবে ওই বাংলাদেশি যুবককে আটক করতে না পারলেও তার ব্যবহৃত বাংলাদেশের সিলেটের রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় ও বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে ভারতের করিমগঞ্জ জেলা সীমান্ত পুলিশ।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার শেওলা স্থলবন্দরের ১৩৬২ নম্বর পিলারের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রমতে অবৈধ অনুপ্রবেশকারী যুবকের নাম মো. আব্দুস সামাদ চৌধুরী। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব মনসুরপুর বাদে দেওরাইল গ্রামের মোফাজ্জল আলী চৌধুরীর ছেলে। সীমান্ত সুরক্ষা ব্যারিকেড ছিন্ন করে বাংলাদেশি যুবকের ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ভারতের আসামের বিএসএফ ও সীমান্ত পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে আটজন বিএসএফ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

ঘটনার সত্যতা জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

তারা জানান, বিষয়টি বিজিবির সীমান্ত এলাকার। ঘটনা পরবর্তী বিষয় তাদের জানা নেই বলে এই প্রতিবেদককে জানান।

এর আগেও একইভাবে শেওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে দুটি বিলাসবহুল পাজেরো গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন পরে ওই বিলাসবহুল গাড়িগুলো সিলেট শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মুহিব্বুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি বিষয়টির সংক্ষিপ্ত বর্ণনা দেবেন বললেও পরে এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কিছুই জানাননি।

বিয়ানীবাজার থানার ওসি মো. তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি শুনেছেন। বিষয়টি বিজিবির। তারা এটি খতিয়ে দেখছে।- খবর যুগান্তরের

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.