Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০২৩

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য মতে সোমবার (৩ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী সুনামগঞ্জে সুরমা নদীর পানি ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এছাড়া নেত্রকোনার কমলাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ও দিরাইয়ে পুরাতন সুরমার পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ \সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা, মনু-খোয়াই ছাড়া প্রধান নদ-নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩০৭ মিলিমিটার, ছাতকে ২১৮, লালাখালে ১৫১, জাফলংয়ে ২৪৫, সুনামগঞ্জে ১৭০ ও কানাইঘাটে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম, অরুণাচল, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের শিলংয়ে ৫৭ ও জলপাইগুড়িতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.