Sylhet Today 24 PRINT

ভোটাধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ সফল করুন: এস এম জিলানী

‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে মৌলভীবাজারে পথসভা ও প্রচারপত্র বিলি

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০২৩

সমাবেশ সফল করতে মৌলভীবাজারে প্রচারপত্র বিলি করছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

আগামী রোববারের সিলেট বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পথসভা ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

এসময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আরিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ন সম্পাদক জসিম হাওলাদার, ইউসুফ হারুন পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা ও রাসেল খানসহ মৌলভীবাজার জেলা এবং বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, ‘‘জনগণ নিজেদের ভোট দিতে পারছে না। দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। নতুন প্রজন্ম তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। বেকার তরুণরা তাদের চাকরি চায়, দেশের এই সংকটময় অবস্থা থেকে পরিত্রাণের জন্য এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসা উচিত।’’

তিনি আরও বলেন, ‘‘সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকবে।’’

তিনি আগামী ৯ জুলাই সিলেটের তারুণ্যের সমাবেশ সফল করার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পথসভা শেষে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নিয়ে মৌলভীবাজার শহরে প্রচারপত্র বিলি করেন দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.