মৌলভীবাজার প্রতিনিধি | ০৯ জুলাই, ২০২৩
সিলেট বিভাগীয় পর্যায়ে প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা সেবায় শ্রেষ্ঠ হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল।
গত ৬ জুলাই এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের কাছ থেকে শ্রেষ্ঠত্বের এ পুরস্কার গ্রহণ করেন পোস্ট-পারটাম ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস মৌলভীবাজারের সদস্যরা।
মাতৃসেবায় বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে ডা. বিনেন্দু ভৌমিক বলেন, প্রসবের পর থেকে একবছর পর্যন্ত পরিবার পরিকল্পনার ও জন্ম নিয়ন্ত্রণের জন্য যেকোনো ব্যবস্থা গ্রহণ করাই প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা বা পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং-পিপিএফপি।
এই সার্ভিসের আওতায় প্রসব পরবর্তীকালে মায়েদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে নানা ধরনের সেবা, পরিকল্পনা পদ্ধতি ও দিক-নির্দেশনা দেওয়া হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে পোস্ট পারটাম ফ্যামিলি প্ল্যানিং সেবা খুব ভালোভাবে দেওয়া হয়। যে কারণে সিলেট বিভাগে হাসপাতালটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
এই অর্জন, কর্মোদ্যোগ ও নিষ্ঠাকে উজ্জীবিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।