Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে কাঁঠাল নিয়ে হত্যাকাণ্ড: ভারত হয়ে ফ্রান্সে পালানোর সময় আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাবুল মিয়া হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী মইনুল হককে ভারত হয়ে ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দুপুরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ইমিগ্রেশন পুলিশ আটক মইনুল হককে বেনাপোল পোর্ট থানা, শর্শা, যশোরে হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত মইনুল হক (৩৭) দ্বীন ইসলাম গোষ্ঠীর মৃত আসক আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ভারতে পালিয়ে যাওয়ার জন্য মইনুল হক বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায়, তিনি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, দ্বীন ইসলাম গোষ্ঠীর নিহত বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে মালদার মিয়া গোষ্ঠীর মইনুল হকসহ ৯৪ জনকে আসামি করে গতকাল সোমবার (১৭ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপ পুলিশ পরিদর্শক (এসআই) কাজী জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি বেনাপোল পোর্ট থানা হেফাজতে আছে। সংশ্লিষ্ট থানায় তাকে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.