Sylhet Today 24 PRINT

সিলেটে দ্বিতীয় দিনেও বন্ধ চিকিৎসকদের চেম্বার, মিলছে না টেস্ট রিপোর্টও

দেবকল্যাণ বাপন |  ১৮ জুলাই, ২০২৩

ঢাকা সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই নারী চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের চিকিৎসকরাও দ্বিতীয় দিনের মত বন্ধ রেখেছেন সব ধরনের ব্যাক্তিগত চেম্বার ও অপারেশন। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসার রোগীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সিলেটের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ঘুরে দেখা যায়, প্রায় সব হাসপাতালেই বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। এছাড়া বিভিন্ন টেস্টের নমুনা সংগ্রহ চালু থাকলেও বিশেষজ্ঞদের স্বাক্ষর ছাড়া রিপোর্ট সরবরাহ করতে পারছে না বেশ কয়েকটি ল্যাব। তবে অধিকগুরুত্বপূর্ণ পরীক্ষার সাময়িক রিপোর্ট দেওয়া হচ্ছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলেটের প্রতিষ্ঠান সচিব সারোয়ার আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, বেসরকারি চিকিৎসকদের আন্দোলনের জন্য দুই দিন চিকিৎসকদের চেম্বার বন্ধ ছিল। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাক্ষর ছাড়া রোগীদের টেস্টের রিপোর্ট দেওয়া যাচ্ছে না। তবে জরুরি বিবেচেনায় রিপোর্টের প্রবেশনাল কপি দেওয়া হচ্ছে।

মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমেটেড, সিলেট শাখার ব্যাবস্থাপক শরিফুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, ব্যক্তিগত সকল চেম্বার বন্ধ থাকায় আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা তাদের আন্দোলন শিথিল না করা পর্যন্ত এমন পরিস্থিতি চলমান থাকলে পারে বলেনও জানান তিনি।

অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’র সিলেট শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নাসরিন আক্তার সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিলেটের গাইনি চিকিৎসকদের ব্যক্তিগত সকল চেম্বার বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। আমাদের আন্দোলনের সঙ্গে অন্যান্য চিকিৎসকরাও একমত প্রকাশ করে চেম্বার বন্ধ রেখেছেন। আজ কর্মবিরতির শেষদিনে বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে বিএমএর সঙ্গে অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’র বৈঠক চলমান রয়েছে বলেও জানান এ চিকিৎসক।

প্রসঙ্গত, গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোম ও মঙ্গলবার সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধের ঘোষণার কথা জানায় অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.