Sylhet Today 24 PRINT

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মাধবপুরে মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২৩

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, সহকারী শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম, এহসানুল হক, ইমরুল হাসান শিবলী প্রমুখ।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারী আজ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারপরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই আজ শিক্ষকরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছে।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারী অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের পাওনা পরিশোধ করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান, চাকুরি বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ, সরকারি ও বেসরকারি পাহাড় সমান বৈষম্য দূরীকরণ এবং ইউনেস্কো ও আইএলও’র সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% বরাদ্দের আহ্বান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.