Sylhet Today 24 PRINT

সিলেটে দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬, পরিচয় মিলেছে ২ জনের

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুলাই, ২০২৩

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খগাইল নামক স্থানে একটি সিএনচালিত অটোরিকশা ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাতটার দিকে খগাইল এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে রয়েছেন সিএনজি অটোরিকশার ৫ জন, অপরজন নোহা মাইক্রোবাসের চালক।

স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা যান।

নিহত ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন ও কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাহান মিয়ার ছেলে মো. কালন (৩০)।

আমির উদ্দিনের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামে। তিনি কোম্পানীগঞ্জের পাড়ুয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রো ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৭টার দিকে খগাইল এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে গাড়িটির সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.