তাহিরপুর প্রতিনিধি | ২১ জুলাই, ২০২৩
আহত পর্যটক
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর ওপর দিয়ে আড়াআড়িভাবে টানা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে জড়িয়ে জামরুল মিয়া (৪৫) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছে। এই ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পিছনে পাটলাই নদীটির ওপর আড়াআড়িভাবে টানা বিদ্যুতের তারে এ দুর্ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, আগত পর্যটকরা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। নিখোঁজ সন্ধানে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী অনুসন্ধান চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আবু জাহান তালুকদার জানান, টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট রাত্রি যাপনের জন্য পাটলাই নদী দিয়ে রওনা হয় পর্যটক পরিবহনকারী নৌকাটি। যাওয়ার পথে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পিছন দিয়ে (পাটলাই নদী দিয়ে) যাওয়ার পথে পর্যটকবাহী চলন্ত নৌকার উপরে ৪-৫ জন বসা ছিল। এসময় জামরুল মিয়া বিদ্যুতের তারে তড়িতাহত হয়ে পাটলাই নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তিনজন। আহত তিন পর্যটক শ্রীপুর (উত্তর) উপ-স্বাস্থ্য কেন্দ্ৰে চিকিৎসাধীন আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। আর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তারাও আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।