Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে ১ বাংলাদেশি নিহত

জৈন্তাপুর প্রতিনিধি |  ২১ জুলাই, ২০২৩

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের কালিঞ্জীবাড়ি এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩০১ সংলগ্ন এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে রুবেল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই এলাকার উসমান আলীর পুত্র মাসুম আহমদ (২৭) তিনিও গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুবেল নিজপাট ইউনিয়নের কালিঞ্জী বাড়ী গ্রামের ইসমাইল আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি বৃহস্পতিবার ভোর রাতের দিকে ঘটেছে।

লালাখাল সীমান্তে গুলিবিব্ধ হয়ে নিহত ও আহত হওয়ার খবর নিশ্চিত করেন লালাখাল (বিজিবি)'র ক্যাম্প কমান্ডার।

বিজিবি জানিয়েছে, সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এদিকে লালাখাল সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হওয়ায় ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ১৯ বিজিবির কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় একটি সূত্র জানয়, ভোর রাতে লালাখাল সীমান্তের বাংলাদেশ-ভারত সংলগ্ন কালিঞ্জীবাড়ি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি চোরাকারবারিরা ভারত থেকে চোরাই করে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে বাংলাদেশে চলে আসে। এসময় পাহাড়ের উপর থেকে শ্রমিকদের লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়তে থাকে। এতে ১ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এবং অপর ১ জন আহত হন। তাদের সঙ্গে থাকা চোরাকারবারিরা উদ্ধার করে নিয়ে আসেন। জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মড়ল বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও জৈন্তাপুর হাসপাতালে পুলিশ ফোর্স প্রেরণ করেন। ১ জন নিহত ও অপর ১ জন আহত হওয়ার কথা তিনি জানান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়না তদন্ত সম্পন্ন করা হলে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

এই ঘটনায় বিষয়ে বিজিবি-বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-১৯ (বিজিবি)'র অধীনস্থ লালাখাল বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.