Sylhet Today 24 PRINT

সিলেট বারের ঐতিহ্যকে ধরে রাখুন: বিচারপতি আব্দুল মোবিন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২৩

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন বলেছেন, সিলেট বারের ঐতিহ্য অনেক সমৃদ্ধ। সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ বাংলাদেশের বিচারাঙ্গণে অনেক প্রতিভার সাক্ষর রেখেছেন। ভবিষ্যতে এই পেশাকে আরও সমৃদ্ধ করতে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রোববার (২৩ জুলাই) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ অ্যাডভোকেটের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মোহাম্মদ সলমান উদ্দিন অ্যাডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোহাম্মদ সাইফুর রহমান অ্যাডভোকেটের সঞ্চালনায় আইনজীবী সমিতির ছয় বিজ্ঞ সিনিয়র সদস্যের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।

সংবর্ধনাপ্রাপ্ত ছয় আইনজীবীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, দেবতোষ চৌধুরী অ্যাডভোকেট, ধ্রুব জ্যোতি শ্যাম অ্যাডভোকেট, মো. নূরুল হক অ্যাডভোকেট, অরুণ ভূষণ দাশ অ্যাডভোকেট, নূরুদ্দিন আহমদ অ্যাডভোকেট ও মো. মুখলিছুর রহমান অ্যাডভোকেট মহোদয়গণকে দেখে মনে হয় না তারা ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। তারা ছয়জন কীভাবে আইনপেশায় ৫০ বছর কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনা প্রাপ্ত এই ছয়জন বিজ্ঞ আইনজীবী নবীন-প্রবীণ আইনজীবীদের মধ্যে আদর্শ হয়ে থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস্ এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু অ্যাডভোকেট, সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম ভূঞা, সরকারি কৌঁসুলি মো. রাজ উদ্দিন অ্যাডভোকেট, ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক অ্যাডভোকেট, পংকজ কুমার রায় অ্যাডভোকেট, সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী অ্যাডভোকেট, সাবেক সভাপতি এমাদ উল্লা শহিদুল ইসলাম অ্যাডভোকেট, সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম অ্যাডভোকেট।

সংবর্ধিত অতিথিদের উদ্দেশ্যে শ্রদ্ধা স্মারক পাঠ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল অ্যাডভোকেট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার মুফতি মাওলানা মো. আব্দুর রহমান চৌধুরী অ্যাডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেট।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির সহ সভাপতি-২ মো. আব্দুর রহিম অ্যাডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান অ্যাডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. তানভীর আহমদ অ্যাডভোকেট, লাইব্রেরি সম্পাদক রঞ্জু দেবনাথ অ্যাডভোকেট, সহ-সম্পাদক এ এইচ এম ওয়াসিম অ্যাডভোকেট, নাদিম রহমান অ্যাডভোকেট ও মোহাম্মদ তোফায়েল আহমদ অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার আল আসলাম মুমিন অ্যাডভোকেট ও সজল চন্দ্র পাল অ্যাডভোকেট।

সংবর্ধিত অতিথি আইনপেশায় সুবর্ণজয়ন্তী পালনকারী সিলেট জেলা আইনজীবী সমিতির ছয় সিনিয়র সদস্যকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে এবং কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।

সুবর্ণজয়ন্তী পালনকারী ছয়জন বিজ্ঞ সদস্যকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.