Sylhet Today 24 PRINT

দুই বাংলাদেশীকে পিটিয়ে সীমান্তে ফেলে গেল বিএসএফ

জুড়ী প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০২৩

ভারতে অনুপ্রবেশের দায়ে সেখানে তিন দফা গণপিটুনি দিয়ে ২ বাংলাদেশীকে সীমান্ত ফেলে গেল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তাদের একজনের বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায় অপরজনের বাড়ি কুড়িগ্রামের বুড়ুঙ্গামারি থানায়।

আহতদের সূত্রে জানা যায়, গত ২১ জুলাই কুড়িগ্রামের বুড়ুঙ্গামারি উপজেলার জাহাঙ্গীর আলম(২৪) ও রূপসার নতুন বাজার এলাকার হৃদয় শেখ (২৪) কাজের জন্য খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা আসার পথে ট্রেনের টিকেট না থাকার কারণে কাঞ্চন কর্নার নামক স্টেশনে  নামিয়ে বাংলাদেশী জেনে গণপিটুনি দেওয়া হয়।তারপর তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করে।

সেখানে দুই রাত রেখে উলঙ্গ করে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ। বিএসএফ ঐ দিন তাদেরকে ক্যাম্পে আটকে তৃতীয় দফা পিটুনির পর সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নাম্বার পিলার দাগ নালাপুঞ্জি নামক গেইটের  মধ্য দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। এদের মধ্যে একজন ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজনকে জানালে, লোকজন স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা তাদেরকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লাঠিটিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোশাররফ হোসেন বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাদের অবস্থা খারাপ হওয়ার কারণে চিকিৎসাধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.