নিজস্ব প্রতিবেদক | ২৪ জুলাই, ২০২৩
সিলেট সিটি করপোরেশন এলাকায় কারও স্থাপনায় বা বাসাবাড়ি-দোকানপাঠের আঙিনায় এডিস মশার লার্ভা মিলবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে অনুসন্ধান অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও চালাবে সিসিক।
সোমবার (২৩ জুলাই) বিকেলে সিটি করপোরেশনের হলরুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হার। এ অবস্থায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে লিফলেট। ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সচেতনামূলক প্রচার করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চলছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে এবং যেসব বাসাবাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষনিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক এ সভায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের নানা কার্যক্রমের বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে একাধিক টিম নিয়ে শিগগিরই অভিযান শুরু করবে সিটি করপোরেশন।
এছাড়া মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো।