Sylhet Today 24 PRINT

দেশিয় মাছের উৎপাদন বাড়াতে হবে: মোকাব্বির

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২৩

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ^নাথ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৪ থেকে ৩০জুলাই পর্যন্ত সারা দেশের ন্যায় বিশ^নাথেও এই মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। মঙ্গলবার (২৫জুলাই) বিকেলে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান।
 
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিরি বক্তব্য রাখেন এমপি মোকাব্বির খান। বক্তব্যে তিনি বলেন, আমরা ভাতে মাছে বাঙালী। কিন্তু আগের তুলনায় এখন দেশিয় মাছ নেই বল্লেই চলে। হাট বাজারে বিদেশি মাছে ছয়লাব। তাই দেশে দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে হবে। আর এজন্য খামারিসহ সকলকে একযোগে কাজও করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) স্বপন কুমার ধরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মৎস্য চাষী আশরাফ আলী ও গীতা পাঠ করেন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন বৈদ্য বিপ্লব। অনুষ্ঠানে সফল মৎস্য খামারি হিসেবে আশরাফ আলীকে ও সফল কর্মচারী হিসেবে জাহিদ নূরকে পুরস্কার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.