Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গরুচোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০২৩

প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১২ নং সদর ইউপির উনাই হাওড়ে ডাকাত সন্দেহে এ গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সালেহ আহমদ (২৫)। তিনি উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উনার হাওরে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ারগ্রামের লোকজন সালেহ আহমদকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজন এর মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদ কে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিঞ্চালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুইটি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সালেহ আহমদ আন্তঃজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলাসহ একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।

ঘটনার মূল রহস্য উদঘাটনেসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা তৎপর রয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.