নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০২৩
বিএনপিতে রাজাকার-আলবদর গোষ্ঠী যোগদান করেছে। তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৩০ জুলাই) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করেছে, অগ্নিসন্ত্রাস ও দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে; বাসে আগুন দিয়েও মানুষ হত্যা করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহামারি করোনায় সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের বাড়িতে গিয়ে টাকা, খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়েছে, ভ্যাক্সিন পৌঁছে দিয়েছে; তখন কোথায় ছিল বিএনপি?। তারা তখন মানুষকে সাহায্য করেনি। সুনামগঞ্জের বন্যার সময় কোথায় ছিল বিরোধীদল। তখন তারা কি কাজ করেছে; কার পাশে দাঁড়িয়েছে। বিরোধীদলকে টেলিভিশনের পর্দায় দেখা যায়। আর মাঝেমধ্যে তারা কোথাও কোথাও দাঁড়িয়ে মিটিং-মিছিল করে।
এদিকে সারাদেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সারাদেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত দেশে ২০০ জনেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এবং ৪৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য সব ধরনের ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। আলাদা রুম রাখা হয়েছে। ডাক্তার-নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনকি ৫০ টাকা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। দেশবাসীর কাছে অনুরোধ আপনারা বাড়িঘর পরিষ্কার রাখবেন। মশা কমে গেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাবে।
এর আগে মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নামফলক উন্মোচন করেন।
সুধী সমাবেশে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডা. শামিউল ইসলাম সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।