Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে আ’লীগের বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০২৩

সারাদেশে বিএনপি-জামাত জোটের অরাজকতা-নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে ‘কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) সকালে পৌর শহরের পুরান বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর গিয়ে শেষ হয়।

সেখানে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রতি বিএনপি-জামাত জোটের কোন আস্থা নেই। তাই তারা তাদের বিদেশি প্রভুদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসার জন্য অগ্নি সন্ত্রাসের নামে দেশে শান্তিপ্রিয় মানুষের সম্পদ পুড়াচ্ছে, ভাংচুর করছে। আর তাদের নেতা তারেক দেশের সম্পদ লুটপাট করে নিয়ে বিদেশে বসে বসে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে। তাই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামাত চক্রকে প্রতিহত করে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.