Sylhet Today 24 PRINT

সিলেটের সাত স্থানে এডিসের লার্ভা, ৪৪ হাজার টাকা জরিমানা

সিসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০১ আগস্ট, ২০২৩

সিলেটে এডিস মশার লার্ভা নিধনে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। দুপুরে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে নগরীর মদিনা মার্কেট, কালিবাড়ী, পাঠানটুলা এলাকার বিভিন্ন গ্যারেজ, বাসা বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় সাতটি স্থানে এডিসের লার্ভার সন্ধান পাওয়া যায। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি। পরে এসবের মালিককে জরিমানা করেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।

 সর্বমোট ৪৪ হাজার টাকা জরিমান করা হয়। পরে এ সব স্থানে মশার ওষুধ ও ফগার মেশিন দিয়ে এডিসের লার্ভা ধ্বংস করা হয়।

সিটি কর্পোরেশন বলছে, আগের থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তবে অভিযান অব্যাহত থাকবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, সিসিকের টিম মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু করে। অভিযান চলাকালে দুপুরেরর দিকে মহানগরের মদিনা মার্কেট, কালিবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার করে ৩০ হাজার, নির্মাণাধীন ভবনে ৫ হাজার ও ৩টি বাসাবাড়িতে ৩ হাজার টাকা করে ৯ হাজার- এই মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট মহানগরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান ডা. মো. জাহিদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.