Sylhet Today 24 PRINT

মাধবপুরে সাংবাদিকের বাড়িতে হামলা

মাধবপুর প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুরা গ্রামে রাস্তায় পানি আসা নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও বাড়ির মহিলাদের মারধর করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলে ক্ষুব্ধ হয়ে পুণরায় হামলা ও ভাংচুর চালানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ শে জুলাই বিকেলে পূর্ব শত্রুতার জেরে দৈনিক বাংলাদেশ সমাচার এর মাধবপুর প্রতিনিধি আক্তার হোসেন এর প্রতিবেশী মো: এনু মিয়া (৩৮),ছেলু মিয়া (৪০) উজ্জ্বল মিয়া(৩৫) সহ তাদের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় সাংবাদিক আক্তার হোসেনের দুই বোন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের মারধর করে।

এ ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ বুধবার দিবাগত রাতে মামলার প্রধান আসামি মো: এনু মিয়া কে গ্রেফতার করে। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে মামলার অন্য আসামিরা আবারও হামলা ও ভাংচুর চালায়।

এসময় আক্তার হোসেন ৯৯৯ এ ফোন করে পুলিশের সাহায্য চাইলে মাধবপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে, পুলিশের উপস্থিত টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আক্তার হোসেন কে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যায়।

মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ইতিমধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.