Sylhet Today 24 PRINT

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ছবি মুছে ছাত্রলীগ নেতার প্রচারণা, ক্ষোভ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০১৬

২০১৪ সালে পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধনকালে পার্শ্ববর্তী সরকারি মহিলা কলেজের দেয়ালে আঁকা হয়েছিলো মুক্তিযুদ্ধের বিভিন্ন গৌরবগাঁথা। দেয়ালে আঁকা হয়েছিলো বঙ্গবন্ধুর একাধিক পোট্রেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহযোগিতায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে চিত্রশিল্পীরা এইসব গৌরবচিত্র অঙ্কন করেন।

তবে সম্প্রতি মুক্তিযুদ্ধের এসব পেইন্টিং ও বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলে এক ছাত্রলীগ নেতার নামে এই দেয়ালে প্রচারণা চালানো হয়েছে।

রবিবার দুপুরে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায় দেয়ালে লেখা রয়েছে-

'জাকির হোসাইন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেটবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এম রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ।'

শহীদ মিনারের পাশের ফুটপাতের এক ব্যবসায়ী জানান, ৩/৪ দিন আগে দেয়ালে এসব লেখা হয়েছে।

মুক্তিযুদ্ধের পেইন্টিং মুছে ছাত্রলীগ নেতার নামে প্রচারণা চালানোয় ক্ষোভ দেয়া দেখা দেয় সিলেটের সংস্কৃতি কর্মীসহ স্থানীয় অনেকের মধ্যে। অনেকেই এর সমালোচনা করেন।

এই পেইন্টিং আঁকার সাথে সম্পৃক্ত সংস্কৃতি কর্মী শামসুল বাসিত শেরো সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ মিনার উদ্বোধনের সময় আমরা নিজেদের টাকা দিয়ে মহিলা কলেজের দেয়ালে মুক্তিযুদ্ধের চিত্র এঁকেছিলাম। সেখানে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণসহ দুটি পোট্রেটও আঁকা হয়েছিলো। এসব মুছে দেয়ালে ছাত্রলীগ নেতার নাম প্রচারণা চালানোটা দুঃখজনক। ছাত্রলীগ নেতা কী বঙ্গবন্ধু থেকেও বড় হয়ে গেলেন?

এদিকে, রবিবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। এসময় সংস্কৃতিকর্মীরা তাকে সেখানে পেয়ে মুক্তিযুদ্ধের পেইন্টিং মুছে ফেলায় ক্ষোভ জানান ও দেয়ালটি ঘুরিয়ে দেখান।

এসময় কামরান বলেন, এরা না বুঝে ( ছাত্রলীগ) এটা করে ফেলেছে। দেয়ালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।

কামরানের কাছে সংস্কৃতিকর্মীদের এই ক্ষোভ জানানোর কয়েক ঘন্টা পর রাত ৯ টায় মহিলা কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, দেয়ালে ছাত্রলীগ নেতার নামে চালানো প্রচারণা মুছে নতুন করে চুনকাম করছেন এক যুবক।

মোহাম্মদ আমীন নামের ওই যুবক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন তাই ছাত্রলীগ নেতাদের নির্দেশে লেখা মুছে ফেলা হচ্ছে। তবে কোন ছাত্রলীগ নেতা নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে কিছু বলতে চাননি তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী বলেন, আমি জানি না কারা আমার নাম ব্যবহার করে দেয়াল লিখন করেছে। আমি আজকেই এই বিষয়টি জানতে পারি। এরপর তা মুছে ফেলার উদ্যোগ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.