Sylhet Today 24 PRINT

নারীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৪ আগস্ট, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে ছালেখা বেগম (৫০) নামক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- বালুচার গ্রামের এমরান আহমদ ও নাজিম উদ্দিন। তবে এখনো হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

এ হত্যার ঘটনায় নিহতের মেয়ে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।

ছালেখা বেগম কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে একা থাকতেন। স্বামী আবদুর রউফের সঙ্গে বেশ কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। নিহত ছালেখার চার মেয়ে ও দুই ছেলে। তবে কেউই তাঁর সঙ্গে থাকতেন না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে ছালেখার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন- এমরান ও নাজিম নামে দুজনকে আটক করেছি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর লাশের ময়না তদন্ত শেষে আজ দাফন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.