Sylhet Today 24 PRINT

মধ্যরাতে উত্তাল সিলেট, ইটপাটকেল-ফাঁকা গুলি, মিছিল

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০২৩

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগ এনে মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সিলেট নগরের আখালিয়া এলাকা।

নগরের আখালিয়া এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক কোরআন পোড়ানোর অভিযোগ এনে রোববার সন্ধ্যা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কয়েকজন দলবল নিয়ে ওই প্রতিষ্ঠানপ্রধানকে একটি কক্ষ আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

এরপর উত্তেজিত লোকজন মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।

উত্তেজিত লোকজন মিছিল করে, পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়ে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতার সংখ্যাও বাড়তে শুরু করে। রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ টিম সিআরটি এবং জালালাবাদ ও কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এরপর রাত দুইটার দিকে পুলিশ বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে দিতে সক্ষম হয়।

এদিকে, ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনার প্রত্যক্ষদর্শী, অভিযুক্ত শিক্ষক এবং পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.