Sylhet Today 24 PRINT

মজুরি বোর্ডের গেজেট পুর্ণবিবেচনার দাবি চা শ্রমিক ইউনিয়নের

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ১২ আগস্ট, ২০২৩

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নকে ছাড়া এক তরফাভাবে চা শিল্পের জন্য বাংলাদেশের মজুরি বোর্ডের প্রকাশিত গেজেটটি পুর্ণবিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শনিবার (১২ আগষ্ট) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে এই দাবি জানানো হয়।

প্রেসব্রিফিং এ উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখল লাল কর্মকার, সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতী বাউরি প্রমুখ।

প্রেসব্রিফিং এ সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, মজুরি বোর্ডের কাজ হচ্ছে সব পক্ষের সাথে বৈঠক করে মজুরি বা অন্যান্য বিষয়ে সীদ্ধান্ত নেয়া। কিন্তু মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তাতে আমাদের চা শ্রমিক ইউনিয়নের কেউ ছিল না। এখানে আমরা গেজেটে অনেকগুলো বিষয় লক্ষ্য করেছি যা চা শ্রমিকদের জন্য অত্যন্ত বিপদজনক হবে। বলা হচ্ছে বছরে মাত্র ৫ % মজুরি বৃদ্ধি হবে, কিন্তু বর্তমান বাজারে বছরে দ্রব্যমূল্যের দাম ৪০-৫০ % বাড়ে। সেখানে শ্রমিকরা কিভাবে খেয়ে পরে বেচে থাকবে। এরকম অনেক বিষয় গেজেটে এসেছে। আমরা এই গেজেটটি পুর্ণবিবেচনার দাবী জানাই। আমরা গেজেটটি আরো ভালো করে দেখে শীঘ্রই প্রতিবাদ সভা ও মানবন্ধন করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.