Sylhet Today 24 PRINT

সিলেটে জঙ্গি হামলার শঙ্কা, সতর্ক থাকতে বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০১৬

সিলেটে জঙ্গি হামলা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার দুপুরে বাদাঘাটে নির্মানাধীন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে অর্থমন্ত্রী এ আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, সিলেটে আগেও জঙ্গি হামলা হয়েছে। এই গোষ্টি এখনো তৎপর রয়েছে।এদের তৎপরতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। যদি এমন কোনো কর্মকান্ড চোখে পড়ে সাথেসাথে পুলিশকে অবহিত করবেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার বাদাঘাটে স্থানান্তর করা হবে। আর পুরনো কারাগারের স্থানে পার্ক নির্মাণ করা হবে।

এরআগে গত শনিবার সিলেটের উপ মহা পুলিশর পরিদর্শক মিজানুর রহমানও সিলেটের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেন। গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমন শঙ্কার কথা জানান ডিআইজি।

কারাগারের জন্য বাদাঘাট থেকে সিলেট শহরতলীর তেমুখী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ করা হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এখানকার সংযোগ সড়ক নিয়ে একটু সমস্যা ছিলো। আজকে এখানে যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব এসেছেন। এই সমস্যার সমাধান হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আনুষ্ঠানিক সফরে আসছেন প্রধানমন্ত্রী। তার সফরকে সফল করে তুলতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিনিয়র সাংবাদিক আল আজাদ প্রমুখ।

এর আগে অর্থমন্ত্রী সোমবার পৌনে ২টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সরাসরি বাদাঘাটে এসে পৌঁছান। পরে বিকাল ৪টার দিকে তিনি ফের হেলিকপ্টারযোগেই ঢাকায় ফিরে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.