Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের ৫৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এপিপি পূজনের মামলা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ আগস্ট, ২০২৩

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) প্রবাল চৌধুরী পূজনের ওপর হামলার অভিযোগ আদালতে মামলা দায়ের করেছেন তিনি।

রোববার (১৩ আগস্ট) সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও ২০০-২৫০ জনকে আসামি করে তিনি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে এ মামলা দায়ের করেন। বিষয়টি প্রবাল চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন।

পরে দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সুমন ভূঁইয়া কোতোয়ালি থানাপুলিশকে এজাহারটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করার নির্দেশ প্রদান করেন।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত আটটার দিকে অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের সিলেট মহানগরের দাঁড়িয়াপাড়াস্থ বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত হন পূজন। এমনকি তিনি স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ও নেতাকর্মীদের চিনি চোরাচালানের সঙ্গে জড়িত নিয়ে অ্যাডভোকেট পূজনের সমালোচনার জেরে এই হামলার ঘটনা ঘটে।

রোববার আদালতে দায়েরকৃত মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের এবং সিসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইনঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করেছেন অ্যাডভোকেট প্রবাল চৌধুরী। মামলায় অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

এদিকে, প্রবাল চৌধুরের উপর হামলার ঘটনা খতিয়ে দেখার জন্য গত শুক্রবার (১১ আগস্ট) তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চার সদস্যের কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.