Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২৩

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘন্টা সময় দফায় দফায় এ সংঘর্ষ চলে।

বিএনপি নেতাকর্মীদের নৈরাজ্য, অগ্নি সংযোগ ও হামলা-ভাংচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে শায়েস্তানগর এলাকা অতিক্রম করার সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরেন।

খবর পেয়ে প্রায় দেড় ঘন্টা ঘপর পুলিশ ঘটনাস্থলে পৌছে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, ‘আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি যুবদল ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আমাদের নেতাকর্মীরা এর জবাব দেয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।’

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের কার্যালয়ে ও বাসায় হামলা চালায়। এ সময় আমাদের নেতাকর্মীরা পাল্টা জবাব দেয়। আমরা কোন সংঘর্ষ বা সংঘাত চাই না। তবে আমাদের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। যদি আমাদের উপর হামলা হয় তাহলে আমরা এর জবাব দেব।’

সহকারি পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে পূণরায় অপ্রিতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগের দিন শনিবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা শহরে পদযাত্রা কর্মসুচি পালন করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ অন্তত ৫০ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.