Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইচালক সহ ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালক সহ অর্ধশতাধিক যাত্রী  আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দুই বাস চালক সহ ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, রবিবার আবহাওয়া রৌদ্রজ্বল হওয়ায় সড়ক প্রচন্ড গরমে বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে ও যান চলাচল স্বাভাবিক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.